তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একই সঙ্গে ভুয়া তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং অপব্যবহার রোধের বিষয়গুলোও গুরুত্ব পায়।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনা এখন বৈশ্বিক প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো উচিত।
তিনি আরও জানান, সরকার গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপ করছে এবং এসব আলোচনার ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়নের কাজ চলছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহায়তা কামনা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। এসব সুযোগ তরুণদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে সম্প্রতি দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের আশাবাদ ব্যক্ত করেন। জবাবে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!