জাতীয়

৩০ এপ্রিলের পর দেশজুড়ে মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৫:১৪ এএম
৩০ এপ্রিলের পর দেশজুড়ে মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা একটি নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীসহ সারা দেশে অবৈধ সিসা বার ও লাউঞ্জের বিরুদ্ধে ইতোমধ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, অবৈধ সিসা লাউঞ্জ যাতে নাম ও স্থান পরিবর্তন করে আবার কার্যক্রম শুরু করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মন্ত্রী সংসদে জানান, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় একাধিক সিসা বারে অভিযান চালিয়ে সিসা ও হুক্কা জব্দ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সিসা সি-শ্রেণির মাদক হিসেবে তফসিলভুক্ত। সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ জনস্বাস্থ্য ও নগর শৃঙ্খলার জন্য হুমকি। এ কারণে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এসব অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।

বিগত সরকারের সময়ে রাজধানীতে অবৈধ সিসা লাউঞ্জ বেড়ে যাওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কার্যক্রম চলেছে। তবে বর্তমানে নিয়মিত অভিযান ও নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!