জাতীয়

আজ মহান মে দিবস

আপডেট: মে ০১, ২০২৬ : ০৫:৪৯ এএম
আজ মহান মে দিবস

শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিবিজড়িত মহান মে দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য—“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। সভায় সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও শ্রমিক নেতারা বক্তব্য দেবেন। এতে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের অংশগ্রহণের আশা করছে দলটি।

মে দিবস উপলক্ষে বিশ্বের ৮০টিরও বেশি দেশে সরকারি ছুটি পালন করা হয়। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

মহান মে দিবসের ইতিহাস শুরু হয় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এর বিরুদ্ধে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।

আন্দোলনের ধারাবাহিকতায় শিকাগোর হে মার্কেট এলাকায় সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নিহত হন। পরে কয়েকজন শ্রমিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা বিশ্বজুড়ে প্রতিবাদের জন্ম দেয়।

পরবর্তীতে ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!