জাতীয়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা

আপডেট: মে ০১, ২০২৬ : ০৫:৫১ এএম
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশ ও বিদেশের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। মহামতি গৌতম বুদ্ধ সারাজীবন অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর মূল লক্ষ্য।

রাষ্ট্রপতি বলেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ—এই তিন স্মৃতিবিজড়িত পবিত্র দিনটি বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, “অহিংস পরম ধর্ম”—বুদ্ধের এই বাণী আজও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও ধর্মীয় বিদ্বেষের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের দর্শন মানবতার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। একটি বৈষম্যহীন ও সম্প্রীতির সমাজ গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, দেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শ ধারণ করে জ্ঞান, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে।

বার্তার শেষে রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, বুদ্ধ পূর্ণিমা দেশের ও বিশ্বের মানুষের জীবনে শান্তি, সুখ ও কল্যাণ বয়ে আনবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!