প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেছেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্প ও ইআরসিপিএইচ আয়োজিত কৃত্রিম অঙ্গ, নিয়োগপত্র ও সহায়ক ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ সচিব বলেন, “আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াক। তাদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে ২২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ১৯ জন উপকারভোগীকে উন্নত প্রযুক্তির কৃত্রিম পা বিনামূল্যে প্রদান করা হয়। এ ছাড়া ছয়জনকে স্মার্ট হোয়াইট ক্যান (সাদা ছড়ি) এবং দুজনকে ব্রেইল বই দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচের উপপরিচালক মো. ফখরুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আলীম, ব্যবস্থাপক মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সহকারী পরিচালক সেলিনা শারমিন ও সহকারী ব্যবস্থাপক মোসাম্মৎ রাবেয়া খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!