দেশের জ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) মাজদা অয়েল কোং লিমিটেড থেকে ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিসিজিপির ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিবিধ আলোচ্যসূচি হিসেবে প্রস্তাবটি উপস্থাপন করে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এই ডিজেল আমদানিতে মোট ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
সরকারি সূত্র জানায়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দ্রুত আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় পরিস্থিতির জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির সুপারিশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। সরকার অভ্যন্তরীণ জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে আগাম পদক্ষেপ নিচ্ছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, পরিবহন ও কৃষিখাতে ডিজেলের চাহিদা স্বাভাবিক রাখতে এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!