জাতীয়

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন

আপডেট: মে ০১, ২০২৬ : ০৫:৫৯ এএম
রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন

দেশের কৃষি খাতে সার সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিন্টর্গ) থেকে এই সার আমদানি করবে।

বর্তমান চুক্তির আওতায় এটি ১০ম চালান। এতে ৩৫ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। তবে চুক্তিতে ১০ শতাংশ পর্যন্ত পরিমাণ কম-বেশি করার সুযোগ রাখা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৮ দশমিক ১৩ মার্কিন ডলার। সে হিসাবে পুরো চালান আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আসন্ন মৌসুমে কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকার আগাম আমদানির উদ্যোগ নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার মধ্যেও কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় মজুত ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!