প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে সিলেটে হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান শেষে সকাল ১০টা ৫০ মিনিটে বের হয়ে যান। পরে তিনি সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মুষলধারে বৃষ্টির মধ্যেই স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেলে জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট নগরজুড়ে বাড়তি প্রস্তুতি দেখা গেছে। বিভিন্ন সড়কে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সফর উপলক্ষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মধ্যেও উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। শুক্রবার বিকেলে নগরের বিভিন্ন এলাকায় তাঁদের মিছিল করতে দেখা যায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!