চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড হয়েছে। গত বৃহস্পতিবার টার্মিনালটিতে ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা বন্দরের পরিচালন কার্যক্রমে নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। নতুন রেকর্ড সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম শুক্রবার বলেন, বন্দর কর্তৃপক্ষ ও এনসিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সমন্বিত ব্যবস্থাপনায় এ সাফল্য অর্জিত হয়েছে। নৌবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠান বর্তমানে টার্মিনালটির দায়িত্বে রয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এটি বন্দরের সামগ্রিক সক্ষমতার প্রতিফলন।
বন্দর সচিব আরও বলেন, শ্রমিকদের নিরলস পরিশ্রম ও দায়িত্বশীলতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রাক্কালে অর্জিত এই সাফল্য শ্রমজীবী মানুষদের উৎসর্গ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল হলো এনসিটি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালে একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। চারটি জেটি–সমৃদ্ধ এই টার্মিনাল দিয়ে বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয়।
টার্মিনালটিতে ১৪টি গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক কনটেইনার স্থানান্তর–সুবিধা রয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর ইয়ার্ড ব্যবস্থাও এখানে চালু আছে।
বন্দর–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এনসিটির সব অবকাঠামো বিনিয়োগ করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে অতীতে টার্মিনাল পরিচালনা নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে ২০২৫ সালের ৭ জুলাই থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!