জাতীয়

শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকির প্রতিশ্রুতি

আপডেট: মে ০২, ২০২৬ : ০৫:৩২ এএম
শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকির প্রতিশ্রুতি

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, শ্রম আইন বাস্তবায়নে সরকার একটি স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে শ্রমিকেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত না হন।

শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মীর হেলাল বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ রয়েছে। তিনি বলেন, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বিগত বছরগুলোতে শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, অনেক ক্ষেত্রে অতিরিক্ত কাজের যথাযথ মজুরি দেওয়া হয়নি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি এবং শিল্প দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারও বিচার বা ক্ষতিপূরণ পায়নি।

তিনি বলেন, “সংগ্রাম ছাড়া মুক্তি নেই, ঐক্য ছাড়া শক্তি নেই। শ্রমিক, কৃষক, ছাত্র ও জনতার সম্মিলিত শক্তিতেই একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও মোহাম্মদ আবু সুফিয়ান।

এ ছাড়া অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শওকত আলী, পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!