জাটকা সংরক্ষণে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে আবারও মাছ ধরতে নেমেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই নদীতে জাল ও নৌকা নিয়ে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই জেলেরা নদীতে নামতে শুরু করেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে দীর্ঘদিন পর ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হয়। এতে ঘাট এলাকায় ফিরে আসে কর্মচাঞ্চল্য।
ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরলেও দীর্ঘদিন পর মাছ আসায় ঘাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। মাছ ব্যবসায়ী ওসমান ব্যাপারী ও নাহিদ হাসান জানান, নিষেধাজ্ঞার সময় ঘাটে কার্যত সব ধরনের কেনাবেচা বন্ধ ছিল। এখন আবার ইলিশ আসায় বাজারে প্রাণ ফিরেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, “নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামায় পাইকার ও ক্রেতার উপস্থিতি বেড়েছে। সামনে মাছের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছি।”
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “দুই মাসের নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা বন্ধ ছিল। এসব জাটকা বড় হয়ে ইলিশে পরিণত হবে। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা এর সুফল পাবেন।”
নদীতে মাছ ধরার মৌসুম শুরু হওয়ায় জেলেপল্লি ও মাছঘাট এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!