চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাতে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালনা করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন।
একই সময় আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। পরে সেগুলোও জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেটের বিপরীতে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা।
তিনি জানান, উদ্ধার হওয়া সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!