জাতীয়

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৪:৫৬ এএম
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও ৩ মে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করছেন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা ও পেশাগত অধিকারবিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাংবাদিকেরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিও তুলে ধরছেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটির মূল উদ্দেশ্য হলো সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতায় যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও নির্যাতনের শিকার সাংবাদিকদের স্মরণ করা হয় এ দিনে।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাজধানীতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে তথ্য ভবনের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় পেশাগত নৈতিকতা, তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!