জাতীয়

ক্ষুদে শিক্ষার্থীদেরই দেশের ভবিষ্যৎ বললেন প্রধানমন্ত্রী

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৫:২৪ এএম
ক্ষুদে শিক্ষার্থীদেরই দেশের ভবিষ্যৎ বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে এবং তারাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।

শনিবার বিকেলে সিলেট স্টেডিয়াম–এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিলেটসহ দেশের ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এখন তোমাদের কাজ পড়াশোনা করা, খেলাধুলা করা এবং নিজেদের গড়ে তোলা। যে খেলোয়াড় হতে চায়, সে খেলোয়াড় হবে। যে গান শিখতে চায়, সে গান শিখবে। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।”

গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হবে। দেশের দায়িত্ব একদিন তোমাদের হাতেই যাবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ।”

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন। তিনি বলেন, “আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। তোমরাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তোমরা কি পারবে?” জবাবে গ্যালারিজুড়ে শিক্ষার্থীরা একসঙ্গে বলে ওঠে, “হ্যাঁ, পারব।”

প্রধানমন্ত্রী বলেন, “এই বাংলাদেশে তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলেই বাংলাদেশও শক্ত ভিতের ওপর দাঁড়াবে।”

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের পেছনের ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, কয়েক বছর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–এর সঙ্গে আলোচনার সময় এ উদ্যোগের ধারণা আসে। পরে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টসহ আটটি ইভেন্টে ক্রীড়া প্রদর্শনী করে। প্রধানমন্ত্রী করতালির মাধ্যমে তাদের উৎসাহ দেন।

পরে তিনি আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’–এর উদ্বোধন করেন এবং এর ট্রফি ও লোগো উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে তিনি মাঠে নেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী মো. শহিদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের হুইপ জি কে গউছ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!