জাতীয়

দেশের মানুষের প্রতি সেবায় থাকতে হবে নিবেদিত : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৫:৫৬ এএম
দেশের মানুষের প্রতি সেবায় থাকতে হবে নিবেদিত : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, সরকারের সব কর্মসূচির মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষ। জনগণের প্রতি সেবা হতে হবে সম্পূর্ণ নিবেদিত (ডেডিকেটেড)।

আজ রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকরা মাঠ প্রশাসনে সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেন। সরকারের নীতি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

ড. নাসিমুল গনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের দায়িত্ব ও কার্যপরিধি বহুমাত্রিকভাবে বেড়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জেলা প্রশাসকের পদ ও দায়িত্বের বিবর্তন ঘটেছে।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি সফল করতে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, পরিবারভিত্তিক উন্নয়ন দর্শনের আলোকে নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় উন্নয়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এ ক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি জানান, ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য ভাতা চালুর একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানির মিতব্যয়ী ব্যবহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ বিষয়ে আরও সচেতনতা বাড়াতে হবে।

তিনি জেলা প্রশাসকদের নির্দেশনা বাস্তবায়ন, সম্পদের অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!