জাতীয়

ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি প্রায় ১ লাখ টন জ্বালানি

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৬:০৫ এএম
ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি প্রায় ১ লাখ টন জ্বালানি

দেশের একমাত্র সরকারি জ্বালানি শোধনাগার চট্টগ্রামের পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে গত ১৯ দিনে প্রায় ১ লাখ টন জ্বালানি পরিশোধন হয়নি। এতে বিপিসিকে এ পরিমাণ জ্বালানি পরিশোধিত আকারে বিভিন্ন উৎস থেকে কিনে দেশের চাহিদা মেটাতে হচ্ছে।

এতে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে বলে সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ।

বিপিসি ও রিফাইনারি সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ও উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে শিডিউল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারির পর কোনো নতুন ক্রুড চালান রিফাইনারিতে আসেনি।

ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা জানান, তিনটি কনসাইনমেন্টে প্রায় ৩ লাখ টন ক্রুড অয়েল পাইপলাইনে থাকলেও সময়মতো সরবরাহ না পৌঁছানোয় সংকট তৈরি হয়। এতে দৈনিক প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টন জ্বালানি পরিশোধনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদ খান জানান, সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ওই চালান পৌঁছালে আগামী ৭ মে থেকে রিফাইনারির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, নিয়মিতভাবে ইস্টার্ন রিফাইনারিতে ডিজেল, পেট্রোল, কেরোসিন ও ফার্নেস অয়েলসহ ১৬ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন হয়। এর মধ্যে ডিজেল উৎপাদনের অংশ প্রায় ৪৫ শতাংশ।

আরেক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আরও দুটি বড় চালান মে মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। সেগুলো আসলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় রিফাইনারি বন্ধ থাকা বা উৎপাদন ব্যাহত হলে বাজারে চাপ তৈরি হয় এবং ব্যয়ও বাড়ে।

ইস্টার্ন রিফাইনারির তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন পরিশোধিত জ্বালানির চাহিদার বিপরীতে প্রতিষ্ঠানটির সক্ষমতা মাত্র ১৫ লাখ টন। ফলে বাকি চাহিদা আমদানির মাধ্যমেই পূরণ করতে হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!