জাতীয়

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৫:৩৬ এএম
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি প্রাঙ্গণে লিমনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নথিতে বলা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের তথ্যও উল্লেখ করা হয়েছে।

লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছশিকারি কায়াক চালানোর সময় একটি কালো পলিথিন দেখতে পান। পরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজসংলগ্ন এলাকায় পুলিশ গিয়ে পলিথিনের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ৩০ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!