জাতীয়

বাংলাদেশ-আলজেরিয়ার সম্পর্ক আরও জোরদারের আশা স্পিকারের

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৫:৪৯ এএম
বাংলাদেশ-আলজেরিয়ার সম্পর্ক আরও জোরদারের আশা স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

রোববার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দেওয়ায় আলজেরিয়া সরকারের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। এই সমর্থন দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসানের পর ছাত্র-জনতার আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আলজেরিয়া দূতাবাসের প্রতিনিধিরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!