জাতীয়

সব পদে কাজ করার মানসিকতা থাকতে হবে জনপ্রশাসনের কর্মকর্তাদের: প্রধানমন্ত্রী

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৫:৫৬ এএম
সব পদে কাজ করার মানসিকতা থাকতে হবে জনপ্রশাসনের কর্মকর্তাদের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের সব ধরনের দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। শুধু পছন্দের পদ বা পদোন্নতির জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে তা প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সবসময় পছন্দের পদে পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতিপরায়ণতা ও অপেশাদারিত্বের অন্যতম কারণ।” তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা সরকারের সঙ্গে জনগণের প্রধান সেতুবন্ধন। তাঁদের সততা ও কর্মদক্ষতার ওপর সরকারের কর্মসূচির সফলতা নির্ভর করে।

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনগণের রায় প্রতিফলিত হয়, সেটি সাম্প্রতিক জাতীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে।

দেশের অর্থনীতি ও প্রশাসনের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন ও অবনতিশীল আইনশৃঙ্খলার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে গত আড়াই মাসে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। তারপরও জনগণের ভোগান্তি কমিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে সরকার।

সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ক্রীড়া উন্নয়ন কর্মসূচি এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানী চালু করা হয়েছে প্রশাসনের মাধ্যমেই।

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, অপ্রয়োজনীয় আইনগত জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে বাস্তবমুখী ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে জনপ্রশাসনের কর্মকর্তাদেরও নিজেদের প্রস্তুত রাখতে হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারের নির্দেশনাও দেন তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান।

চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন আগামী ৬ মে শেষ হবে। সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের অংশগ্রহণে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!