জাতীয়

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৬:৫৬ এএম
গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, গ্রামীণ অবকাঠামো ও জনপদের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। খাল খনন কার্যক্রমকে তিনি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির একটি কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আজ সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে ভবিষ্যতে এসব জলাধার এলাকার পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ জনপদকে উন্নত করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের স্বনির্ভরতা অর্জনে কৃষি, মৎস্য ও পানিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে বৈদেশিক নির্ভরতা কমে আসবে।

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারাদেশে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই নারী।

এছাড়া তিনি নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত পশুসম্পদ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। পাশাপাশি কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্যের অপচয়ও কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!