চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের আমলে এটিই তার প্রথম চীন সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং কৌশলগত যোগাযোগ সম্প্রসারণ এই সফরের মূল লক্ষ্য।
গত এপ্রিলের শুরুতে ভারত সফরের পর এক মাসের ব্যবধানে চীন সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানি, গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের সমর্থন চাওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
অন্যদিকে, চীন তিস্তা মহাপরিকল্পনা, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের বিষয়েও আলোচনা হতে পারে। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে ওই সফর অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া গেছে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর চীনা কমিউনিস্ট পার্টির একাধিক নেতার সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!