ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটিতে (জিএমসি) বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও থিম্পু। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ–এর সঙ্গে সাক্ষাৎ করেন জিএমসির আন্তর্জাতিক বিষয়ক প্রধান অ্যাম্বাসেডর জোনাথন টো। বৈঠকে তিনি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক–এর পরিকল্পনায় গড়ে ওঠা গিলেফু মাইন্ডফুলনেস সিটির বিভিন্ন দিক তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ওয়ান কান্ট্রি, টু সিস্টেমস’ ধারণার ভিত্তিতে নির্মিত এই প্রকল্পকে টেকসই ও আধুনিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটি আঞ্চলিক ব্যবসা ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
সাক্ষাতে শামা ওবায়েদ ভুটানের রাজার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে।
বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ জনবল পাঠানো, বিনিয়োগের সুযোগ তৈরি এবং বিভিন্ন খাতে যৌথ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই এ বিষয়ে ভবিষ্যতে আরও বাস্তবভিত্তিক ও বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
No comments yet. Be the first to comment!