জাতীয়

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৪:২১ এএম ১০
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam। তিনি বলেছেন, ভারতসহ বিশ্বের সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক—এটাই বাংলাদেশের প্রত্যাশা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে, এ বিষয়ে বিএনপির কোনো মনোভাব থাকার কথা নয়। ভারতে নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেমন চাই আমাদের দেশে গণতন্ত্র সুসংহত হোক, তেমনি আশপাশের সব দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের জয় হোক।’

আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, একটি দেশের পররাষ্ট্রনীতি সবসময় সেই দেশের স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হয়। তিনি বলেন, ‘আমাদের সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে “বাংলাদেশ ফার্স্ট”। অন্য দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থান একই থাকবে।’

ভারত থেকে ‘পুশ-ইন’ বা সীমান্ত দিয়ে লোকজন ঠেলে পাঠানোর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ভারত কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে, সেটি বড় বিষয় নয়। দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো সব সময় আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের পানিবণ্টন ইস্যু রয়েছে, পুশব্যাকের বিষয় রয়েছে, আরও নানা বিষয় রয়েছে। যে সরকারই ভারতে থাকুক না কেন, এসব ইস্যু আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!