বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এত ভালো মানের নির্বাচন দেশে আগে কখনো হয়নি।
মঙ্গলবার রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সমন্বিত প্রচেষ্টার একটি উৎকৃষ্ট উদাহরণ।
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদেরই ছিল।”
ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচন নিয়ে একসময় দেশে আশা ও শঙ্কা—দুই ধরনের পরিস্থিতিই তৈরি হয়েছিল। অনেকের ধারণা ছিল, নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে না। তবে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই আশঙ্কা দূর হয়েছে এবং দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।
জেলা প্রশাসকদের উদ্দেশে সেনাপ্রধান আরও বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী ভবিষ্যতেও দ্রুত সহায়তা দেবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটকে অবহিত করা হলে তাৎক্ষণিক সাড়া দেওয়া হবে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!