জাতীয়

রূপপুরের ‘বালিশ কাণ্ডের’ বালিশ জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:০৬ এএম
রূপপুরের ‘বালিশ কাণ্ডের’ বালিশ জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আলোচিত ‘বালিশ কাণ্ড’ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এত দামের সেই বালিশের একটি জাদুঘরে রাখা উচিত।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ২০২১–২২ অর্থবছরের ৩৮টি অডিট প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনগুলোর মধ্যে রূপপুর প্রকল্পের আলোচিত ‘বালিশ কাণ্ড’–সংক্রান্ত তদন্ত প্রতিবেদনও ছিল।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেদনে প্রতিটি বালিশের অস্বাভাবিক মূল্য দেখে প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন এবং রসিকতা করে বলেন, “এই দামের বালিশের একটি জাদুঘরে রাখা উচিত।”

২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিন সিটি আবাসিক ভবনের জন্য আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ সামনে আসে। তখন বিভিন্ন সামগ্রীর অস্বাভাবিক মূল্য নিয়ে ব্যাপক আলোচনা হয়।

অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই প্রকল্পে প্রায় ১৬৯ কোটি টাকার কেনাকাটায় নানা ধরনের অনিয়ম হয়েছিল। সেখানে প্রতিটি বালিশের দাম দেখানো হয় ৫ হাজার ৯৫৭ টাকা। এছাড়া একটি বালিশ খাটে তোলার খরচ দেখানো হয়েছিল ৭৬০ টাকা।

এ ছাড়া কভারসহ কমফোর্টারের দাম ধরা হয় ১৬ হাজার ৮০০ টাকা, যা বাজারমূল্যের তুলনায় অনেক বেশি। একইভাবে বিদেশি বিছানার চাদরও অতিরিক্ত দামে কেনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অডিট প্রতিবেদন উপস্থাপনের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!