অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত, নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (আইএমআরএফ) মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল–৪ এ সহসভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, অভিবাসী শ্রমিকদের শুধু শ্রমশক্তি হিসেবে নয়, অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। এ জন্য নির্ভুল, বিশ্লেষণভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহের পাশাপাশি জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে আন্তঃসংস্থার সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া জরুরি।
গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা বেশি ঝুঁকিতে থাকেন উল্লেখ করে তিনি বলেন, শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
এ সময় জেনোফোবিয়া বা বিদেশিভীতি এবং ভ্রান্ত তথ্যনির্ভর অভিবাসনবিরোধী প্রচারণা মোকাবিলায় জবাবদিহি, ডিজিটাল সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক জনআলোচনা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, অভিবাসন ব্যবস্থাপনায় সরকার ও সমাজের সব অংশীজনকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমেই অভিবাসীদের মর্যাদা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!