জাতীয়

সাইবার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৪:৫১ এএম
সাইবার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে নিরাপত্তা–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় অনিয়মিত অভিবাসন, মানব পাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তাসংক্রান্ত বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ইতালির সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের প্রয়োজন রয়েছে। বৈঠকে উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!