জাতীয়

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি অনুমোদন

আপডেট: মে ০৮, ২০২৬ : ০৪:৫৬ এএম
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি অনুমোদন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) সরকারি অফিস যথারীতি খোলা থাকবে। মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।

নীতিমালায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ, অর্থায়ন ও তদারকির বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন বিভাগ যৌথভাবে কাজ করবে। এছাড়া সব টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হবে, যাতে বর্জ্য নদী-খাল বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ না ঘটায়।

এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!