লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ আনা হয়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দিপালী আক্তারকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে সরকারের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সংঘাতে আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বাকি দুজনের মধ্যে একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ এখনো দেশে আনা যায়নি।
মরদেহ দেশে আনতে বিলম্বের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট ও কূটনৈতিক আনুষ্ঠানিকতায় জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করেই মরদেহ ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।
ফরিদপুরের বাসিন্দা দিপালী আক্তার ২০১১ সালে জীবিকার তাগিদে লেবাননে যান। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন তিনি। পরে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরএস-
No comments yet. Be the first to comment!