আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।সংগঠন টি জানায়, ঈদ উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধা বিবেচনায় নিয়ে বিদ্যমান সময়সীমা বাড়ানোর জন্য গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। আবেদনে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চাওয়া হয়।
পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন–কে জানান, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
তবে এ সময়ের মধ্যে দোকান ও শপিংমলে অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের অনুরোধে সেই সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
ঈদকে সামনে রেখে এবার আরও তিন ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!