জাতীয়

ঈদুল আজহায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট: মে ০৮, ২০২৬ : ০৫:২১ এএম
ঈদুল আজহায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ–এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেছেন, ঈদকে কেন্দ্র করে জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বাড়তে পারে। এসব অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও তৎপর হতে হবে।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সভায় ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীর পশুর হাটগুলোকে কেন্দ্র করে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। নগরজুড়ে ফুট পেট্রোল জোরদার করারও নির্দেশনা দেওয়া হয়।

মো. সরওয়ার বলেন, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে জোর দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!