জাতীয়

গরুর মাংস ৮০০, ডিমের ডজন সর্বোচ্চ ১৫০ টাকা; চাপে ক্রেতারা

আপডেট: মে ০৮, ২০২৬ : ০৬:১৫ এএম
গরুর মাংস ৮০০, ডিমের ডজন সর্বোচ্চ ১৫০ টাকা; চাপে ক্রেতারা

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাংস, ডিম ও মাছের উচ্চমূল্য এখনো সাধারণ ক্রেতাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার (৮ মে) রাজধানীর পূর্ব রামপুরা এলাকার বউবাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা দরে। একই সঙ্গে বিভিন্ন ধরনের মুরগি ও ডিমের দামও তুলনামূলকভাবে বেশি। বাজারে পাকিস্তানি কক মুরগি কেজিপ্রতি ৩৭০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ডিমের বাজারেও চড়া দাম বজায় রয়েছে। সাদা ডিমের ডজন ১৩০ টাকা, বাদামি রঙের ছোট ও মাঝারি আকারের ডিমের ডজন ১৪০ টাকা এবং বড় আকারের বাদামি ডিমের ডজন ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের ডজন ২১০ টাকা পর্যন্ত উঠেছে।

মাছের বাজারেও উচ্চমূল্য লক্ষ্য করা গেছে। কাতল মাছ কেজিপ্রতি ৩৬০ টাকা, রুই ৩২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, সিলভার কার্প ১৮০ টাকা, কই ২২০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং পাবদা ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, নিত্যপণ্যের দাম স্থিতিশীল না থাকায় দৈনন্দিন খরচ সামলাতে কষ্ট হচ্ছে। আতাউর রহমান নামে এক ক্রেতা বলেন, “ডিমের দাম ১৫০ টাকা ডজন হলে এক হালি ৫০ টাকার মতো পড়ে। এই একটা জিনিসই আগে কিছুটা কম ছিল। এখন সেটাও অনেক বেড়ে গেছে। আর ২০০ টাকার নিচে কোনো মাছই পাওয়া যায় না।”

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও উৎপাদন খরচের প্রভাবেই বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!