সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল জন্মগত রক্তস্বল্পতাজনিত রোগ। স্বামী-স্ত্রী উভয়েই এই রোগের বাহক হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি থাকে। তাই বিয়ের আগে ছেলে-মেয়ে উভয়ের থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
শুক্রবার রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “আমরা অনেকেই জানি না কে থ্যালাসেমিয়ার বাহক। এ কারণে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
দেশে থ্যালাসেমিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে প্রতি নয়জনের মধ্যে একজন এই রোগের বাহক এবং প্রতিবছর প্রায় আট হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা তৈরি করা সম্ভব। এ জন্য নিয়মিত সচেতনতামূলক কনটেন্ট প্রচারের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুর মোরশেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ড. সাজিয়া ইসলাম এবং ড. হুমায়ুন কবির।
সেমিনারের আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!