দলের তৃণমূল নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির নেতারা বলছেন, বৈঠকে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও জনকল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দুপুর ১২টায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান।
বিএনপির একাধিক নেতা জানান, বৈঠকের আনুষ্ঠানিক কোনো এজেন্ডা না থাকলেও সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্থানীয় সরকার নির্বাচন এবং মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে।
দলীয় নেতাদের মতে, দীর্ঘ দেড় যুগ পর তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে বসছেন তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে তিনি দলের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক দিকনির্দেশনা দিতে পারেন।
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে অধিকাংশ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটভিত্তিক প্রক্রিয়া চালুর দাবিও বৈঠকে উঠতে পারে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক বিষয় ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরবেন।”
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণধর্মী উপস্থাপনা করবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!