বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত দুই দশকে সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দেওয়ার কারণে একটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সমাজে সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধ বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “গত ২০ বছর যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশন ও শিক্ষাকে নষ্ট করেছে। এর কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়েছে। এখন সময় এসেছে এসব থেকে বের হয়ে একটি শান্তিময় সমাজ গড়ে তোলার।”
তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধকে ছাড় দেওয়া হবে না।
ডা. সিদ্দিকী হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধের সঙ্গে জড়িত যে কেউ হোক, কোনোভাবেই ছাড় পাবে না। মাদকবিরোধী অবস্থান কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, যেখানে মাদকের আস্তানা রয়েছে, তা চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি চরাঞ্চলকে নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!