জাতীয়

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:৩১ এএম
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার ও সংশ্লিষ্ট অর্থপাচার রোধে তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতা বাড়াবে। পাশাপাশি মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী চক্র এবং নতুন রুট ও কৌশল বিষয়ে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করা হবে।

সমঝোতা অনুযায়ী, মাদক পাচারকারী সংগঠন (ডিটিওএস) এবং মাদক লুকানোর আধুনিক পদ্ধতি সম্পর্কেও দুই দেশ পারস্পরিকভাবে তথ্য শেয়ার করবে। প্রয়োজনে যৌথ গোয়েন্দা অভিযান ও ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’ পরিচালনার বিষয়েও সম্মতি জানানো হয়েছে।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময় করা হবে। প্রযুক্তিগত সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতাও ভাগাভাগি করবে দুই দেশ।

তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।

চুক্তিতে বলা হয়েছে, আদান-প্রদানকৃত সব তথ্য কঠোর গোপনীয়তায় সংরক্ষণ করা হবে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করা যাবে না।

সমঝোতা স্মারকটি সইয়ের দিন থেকে ১০ বছর কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ বাড়ানো যাবে।

উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এই সহযোগিতা দুই দেশের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!