পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ চট্টগ্রামের অর্থনীতি, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
শনিবার রাতে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
দীপেন দেওয়ান বলেন, “আজ এখানে এসে মনে হচ্ছে যেন পার্বত্য চট্টগ্রামের একটি অংশ চট্টগ্রাম শহরের মধ্যেই উপস্থিত হয়েছে। বিভিন্ন ভাষাভাষী মানুষের এই মিলন আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি।”
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ নিজেদের মেধা, শ্রম ও দক্ষতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক, আবার কেউ বিভিন্ন পেশায় থেকে চট্টগ্রামের উন্নয়ন ও অর্থনীতিকে সমৃদ্ধ করছেন।
পার্বত্য জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, আধুনিকতার চাপে অনেকেই নিজেদের সংস্কৃতি ভুলে গেলেও পার্বত্য অঞ্চলের মানুষ এখনো তাদের ঐতিহ্য ধারণ করে চলেছেন। বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এই ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের কল্যাণ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রকৌশলী প্রু মং রাখাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পাহাড়ি সম্প্রদায়ের প্রকৌশলীরা অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!