প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশও নীরব থাকবে না বলে সতর্ক করেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা প্রয়োজন, সেখানে আমরা অবশ্যই কথা বলব।”
তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে হলে সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারতকে আরও মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতে হবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতেই হুমায়ুন কবির এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনী বক্তব্য ও রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের নতুন সরকার রাজনৈতিক বক্তব্যকে বাস্তব নীতিতে রূপ দেয় কি না, বাংলাদেশ সেটি পর্যবেক্ষণ করবে।
হুমায়ুন কবির আরও বলেন, “আমরা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চাই না। আমাদের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে।” সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতো পরিস্থিতি আর থাকবে না। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ প্রয়োজনীয় অবস্থান নেবে।
তবে একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!