পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে পাহাড়ের মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।
দীপেন দেওয়ান বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, উৎপাদিত ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেকে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিদেশি পর্যটক আকৃষ্ট করা এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন মন্ত্রী।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পার্বত্য অঞ্চলে চাষযোগ্য জমি সীমিত হওয়ায় দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!