জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: মে ১২, ২০২৬ : ০৪:৩৫ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদের সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনকে ঘিরে আয়োজিত অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৩ মে নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১০টা ও বিকেল ৩টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক এ সংলাপের আয়োজন করেছেন।

জানা গেছে, আলোচনাগুলো ইউএন ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সিভিল সোসাইটি সংগঠন ও সাধারণ অংশগ্রহণকারীদেরও প্রশ্ন পাঠানো বা ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ড. খালিলুর রহমান দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে জাতিসংঘ ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন কূটনীতিক। তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাধারণ পরিষদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউইয়র্ক ও জেনেভাভিত্তিক বিভিন্ন জাতিসংঘ দপ্তরেও ঊর্ধ্বতন পদে কাজ করেছেন।

তিনি ১৬টি সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিয়েছেন এবং বিশেষ করে স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর উন্নয়ন ইস্যুতে কাজ করেছেন।

নিজের ভিশন স্টেটমেন্টে ড. খালিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বে আরও কার্যকর ও সাড়া দিতে সক্ষম বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন রয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর আস্থা অর্জনের মাধ্যমে বাস্তব সুফল নিশ্চিত করতে সম্মিলিতভাবে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড. খালিলুর রহমান বলেন, জাতিসংঘ সনদ স্বাক্ষরের ৮০ বছর পূর্তির ঐতিহাসিক প্রেক্ষাপটে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বহুপক্ষীয় বিশ্বব্যবস্থা একদিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, অন্যদিকে নতুন সম্ভাবনার দিকেও এগিয়ে যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!