জাতীয়

ঈদযাত্রায় টিকিট প্রতারণা এড়াতে সতর্ক করল রেলওয়ে

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৩:৪৮ এএম
ঈদযাত্রায় টিকিট প্রতারণা এড়াতে সতর্ক করল রেলওয়ে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার মধ্যে টিকিট নিয়ে প্রতারণার বিষয়ে যাত্রীদের সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট পাইয়ে দেওয়ার নামে বিকাশ বা নগদে টাকা নিয়ে প্রতারণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে যাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলছে। অনেক ক্ষেত্রে তারা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এমনকি ব্যবহৃত সিমকার্ডও বন্ধ করে দেওয়া হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে না। তাই অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকিট কিনতে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একটি নিবন্ধিত আইডি ব্যবহার করে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায়। টিকিট কাটার সময় সহযাত্রীদের নামও সিস্টেমে যুক্ত করা বাধ্যতামূলক।

এ ছাড়া ভ্রমণের সময় টিকিট যাঁর আইডিতে কাটা হয়েছে, তাঁকে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইডিধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ ওই টিকিটে ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে রেলওয়ে।

কোনো ব্যক্তি টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে অথবা বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া অভিযোগ জানাতে বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!