রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে সমাজের সব অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে পরিচর্যাকারী, পেশাজীবী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও শুভেচ্ছা জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। একটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গড়তে এই জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার বিকল্প নেই।
তিনি বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন অনেক ব্যক্তি বিশেষ প্রতিভার অধিকারী হন। চিত্রাঙ্কন, সংগীত, গণিত ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে তারা অসাধারণ দক্ষতার পরিচয় দিতে পারেন। যথাযথ পরিচর্যা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের সমাজের সম্পদে পরিণত করা সম্ভব।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে অটিজম ও প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিদের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা জরুরি।
তিনি শৈশবেই অটিজম শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ এবং মানবিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বাণীতে রাষ্ট্রপতি ‘১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!