জাতীয়

আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল আগের সরকার: জ্বালানি মন্ত্রী

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:৩০ এএম
আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল আগের সরকার: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগের সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল।

মঙ্গলবার দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা খনির বর্তমান উৎপাদন পরিস্থিতি এবং বিভিন্ন কারিগরি সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। এ সময় বন্ধ থাকা কয়লাভিত্তিক দুটি ইউনিট চালু করা এবং খনি থেকে উত্তোলিত কয়লার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও কয়লা খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজানুল হক এবং স্থানীয় বিএনপির নেতারা বৈঠকে অংশ নেন।

পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও কয়লা খনির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি মধ্যপাড়া পাথর খনি ঘুরে দেখেন এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!