বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ আর মানুষের ঐক্যের মধ্য দিয়েও শেখ হাসিনার বিদায় শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছাতেই হয়েছে।”
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নিজের দীর্ঘ কারাজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে এ্যানি বলেন, “আমরা আন্দোলন করেছি, নির্যাতন সহ্য করেছি; কিন্তু এমন একটি শাসনের পতন মানুষের কল্পনার বাইরে ছিল। ৫ আগস্ট যখন শুনলাম শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, তখন জেলের ভেতরে আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম।”
তিনি বলেন, “১ আগস্ট পর্যন্তও মনে হয়নি পরিস্থিতি এত দ্রুত বদলে যাবে। আমরা ছয় মাসের বাজার পর্যন্ত করে রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মানুষের ঐক্য ও আল্লাহর ইচ্ছাতেই পরিবর্তন এসেছে।”
জেল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এ্যানি বলেন, বিভিন্ন সময়ে তিনি বিএনপি ও জামায়াতের বহু নেতার সঙ্গে কারাগারে সময় কাটিয়েছেন। মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে দীর্ঘদিন একই কারাগারে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, “জেলখানার কষ্টের মধ্যেও একধরনের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, নূরুল ইসলাম সাদ্দাম, ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ারের প্রকাশিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো— *লৌহকপাটের অন্যজীবন*, *মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত*, *কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)*, *ঈমানের উন্নতি* এবং *মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর*।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!