জাতীয়

বৈচিত্র্যের সংমিশ্রণেই বাংলাদেশের পরিচয় : তথ্যমন্ত্রী

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:২৯ এএম
বৈচিত্র্যের সংমিশ্রণেই বাংলাদেশের পরিচয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সব নৃ-তাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সমন্বয়েই বাংলাদেশের পরিচয় গড়ে উঠেছে।

শুক্রবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত ‘বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ যেন একটি মানবদেহের মতো। শরীরের প্রতিটি অঙ্গ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের প্রতিটি জাতিসত্তা ও ভাষাগোষ্ঠীও সমান গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বৈচিত্র্যকে ধারণ করাই প্রকৃত দেশপ্রেম। যারা বিভাজন তৈরি করতে চায়, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, এই ধারণার মাধ্যমে সব ভাষা, বর্ণ ও জাতিসত্তার মানুষের সমান নাগরিকত্বের ভিত্তি তৈরি হয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও পাহাড় ও সমতলের মানুষের সমান অধিকারের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, সংখ্যালঘু জাতিসত্তাগুলোর রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন রাষ্ট্র সংস্কারের নতুন সুযোগ তৈরি করেছে।

মেজর (অব.) তপন বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁঞা, সাচিং প্রু জেরী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!