জাতীয়

দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৩৯ এএম
দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইউনিয়নভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং কেউ উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না।

আজ শুক্রবার লক্ষ্মীপুরে নিজ বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

চন্দ্রগঞ্জ উপজেলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় তিনি বলেন, গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করছে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে পানিসম্পদমন্ত্রী বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি দেশের উন্নয়নে কাজ করতে সক্ষম।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান ও হারুনুর রশিদ ব্যাপারী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!