জাতীয়

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৪০ এএম
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি কোরবানির পশুর হাট বসানো নিয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উত্তরবঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান পথ হওয়ায় ঈদের সময় প্রতি বছর অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি রাখা হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!