জাতীয়

খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৫০ এএম
খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্যারা স্পোর্টসের উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬’।

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে সারা দেশ থেকে অংশ নেন ৫ শতাধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এশিয়ান প্যারা গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, “খেলোয়াড়দের যেকোনো প্রয়োজনীয় আবেদন পাওয়ামাত্রই তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে। খেলোয়াড়রা ভালো থাকলে দেশও ভালো থাকবে।”

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে বরাদ্দকৃত সব সুযোগ-সুবিধা খেলোয়াড় ও সংগঠকদের কল্যাণে ব্যবহারের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। খেলাধুলার মাধ্যমে সমাজের অসংগতি ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুল ইসলাম।

আয়োজকদের জানায়, এশিয়ান প্যারা গেমসসহ আন্তর্জাতিক আসরের জন্য সেরা খেলোয়াড় বাছাই ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং জানিয়েছে, শিগগিরই ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কার্নিভাল ২০২৬’ আয়োজন করা হবে। এতে হুইলচেয়ার ক্রিকেট, ব্লাইন্ড ক্রিকেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট—এই তিন বিভাগ থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠন করা হবে।

এরই মধ্যে ৯১ জন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার ও ৩৫ জন হুইলচেয়ার ক্রিকেটারকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। ব্লাইন্ড ক্রিকেট বিভাগটি সকল আগ্রহী খেলোয়াড়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!