জাতীয়

সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৫৪ এএম
সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে তাসনিম সিনহা। মিজানুর রহমান সিনহা বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। ২০২০ সালে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। তবে সর্বশেষ ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তাকে জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার পারিবারিক বাড়ি ‘সিনহা হাউজ’ স্থানীয়ভাবে একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।

তার বাবা হামিদুর রহমান সিনহা ছিলেন ওষুধশিল্পে অগ্রগণ্য ব্যক্তিত্ব এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। মিজানুর রহমান সিনহা ছাত্রজীবনে সরকারি তোলারাম কলেজে পড়াশোনাকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৬৪ সালে তিনি হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৫ সালে বাবার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও শোক জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!