জাতীয়

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:৫৭ এএম
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি বলেন, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়ে জটিলতা বাড়তে থাকে বলে জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার ফুসফুসে সংক্রমণ নিয়ন্ত্রণ এবং লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে পরীক্ষায় হেপাটাইটিস এ শনাক্ত হয়। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি ও অভিনয়ের মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সারের মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!